বিএনপির ভরাডুবির কারণ কোন্দল ও তৃণমূলে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিএনপির দলীয় কোন্দল, সাংগঠনিক দুর্বলতা এবং তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা বিরাজ করায় এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে বলে মনে করছেন তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ইউনিয়নের সাধারণ ভোটাররা। তবে দলের শীর্ষস্থানীয় নেতারা ভোট কারচুপিকেই বিএনপিদলীয় প্রার্থীদের পরাজয়ের মূল কারণ বলে দাবি করেছেন।

গত শনিবার নিয়ামতপুরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার আটটি ইউপির কোনোটিতেই বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হতে পারেননি। আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন। এই বিজয়ী প্রার্থীরা হলেন বজলুর রহমান (নিয়ামতপুর), আবদুর রাজ্জাক (হাজীনগর), ওবায়দুল হক (ভাবিচা), আবুল কালাম আজাদ (বাহাদুরপুর), আবদুর রাজ্জাক (রসুলপুর), আজহারুল ইসলাম (শ্রীমন্তপুর), সৈয়দ মুজিব গ্যান্দা (পাড়ইল) ও বদিউজ্জামান বদি (চন্দননগর)। গতবার অবশ্য উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চন্দননগর ছাড়া বাকি সাত ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন।

বিভিন্ন ইউনিয়নে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ছালেক চৌধুরী এবং উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যকার দ্বন্দ্বে বর্তমানে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের এ দ্বন্দ্বে উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ইউনিয়নগুলোতে বিএনপির একক প্রার্থী নির্বাচনের সময় দলের তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে দুর্বল ও বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। এ ছাড়া দলীয় কোন্দলের কারণে যাঁকে দলীয় প্রার্থী করা হয়েছে, তাঁর বিরোধী পক্ষের নেতা-কর্মীরা নীরব ভূমিকা নেন। এতে বিএনপির প্রার্থীরা প্রচারণার মাঠে ছিলেন অনেকটা নিঃসঙ্গ। অন্যদিকে সরকারি দলের প্রার্থীরা ভোটের পুরো সময় দাপিয়ে বেড়িয়েছেন। স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ করে বিভিন্ন ইউনিয়নে গিয়ে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এসব কারণেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নিরুঙ্কুশ বিজয় লাভ করেছেন বলে মনে করছেন তৃণমূল নেতা-কর্মী ও ভোটাররা।

উপজেলার ২ নম্বর চন্দননগর ইউপিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বদিউজ্জামান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী খালেকুজ্জামান।

ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান ও বিএনপি প্রার্থীর সক্রিয় কর্মী রমজান আলী বলেন, দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে একধরনের হতাশাও কাজ করছে। এ অবস্থায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অনেকেই সেভাবে সক্রিয় ছিলেন না। দলীয় কোন্দলের কারণেও ইউনিয়ন বিএনপির অনেক প্রবীণ নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে নীরব ভূমিকা পালন করেন। এখানকার অনেক নেতা-কর্মী দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে ভূমিকা রাখেন বলে তাঁরা জানান।

১ নম্বর হাজীনগর ইউপিতে পরাজিত প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, দল ক্ষমতায় না থাকায় বিএনপির প্রার্থীরা এলাকার উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারবেন না বলে ধারণা অনেক ভোটারেরই। এমন ধারণা থেকেও বিএনপির প্রার্থীকে তাঁরা ভোট না দিয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের সাংসদ নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রার্থীরা প্রায় প্রতিদিন মোটরসাইকেল নিয়ে শোডাউন করে প্রচারণা চালিয়েছেন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়াতেও বিএনপির প্রার্থীরা পরাজিত হন বলে তিনি মত প্রকাশ করেন।

দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি ছালেক চৌধুরী বলেন, ‘এটা কোনো স্বাভাবিক নির্বাচন হয়নি। এটা হয়েছে ম্যাকানিজমের নির্বাচন। সুষ্ঠু-স্বাভাবিক নির্বাচন হলে আটটি ইউপিতেই বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করত।’ দলীয় কোন্দলের বিষয়ে তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপিতে কোনো অন্তঃকোন্দল নেই বলে মন্তব্য করেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ইউপি নির্বাচনকে কারচুপির নির্বাচন হিসেবে চিহ্নিত করে বলেন, এই কারচুপির নির্বাচন দিয়ে দলের সাংগঠনিক শক্তিকে বিচার করা যাবে না। মাঠে বিএনপির অবস্থান ভালো। অথচ ফলাফল হচ্ছে উল্টো। এটা কোনো স্বাভাবিক নির্বাচন হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।